নিজস্ব প্রতিবেদক, পাবনা
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা-ধোপাপুকুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। পরে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়াদীঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. ইমরান হোসেন (২৩) এবং পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে মো. সোহেল শেখ (২০)।
ডিবি পুলিশ জানায়, ইমরানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং সোহেলের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাবনা জেলা গোয়েন্দা শাখা।
চাটমোহরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!