নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ আগস্ট ২০২৬
চাকরি হারিয়ে সাময়িক বেকার হয়ে পড়া পোশাক শ্রমিকদের পাশে দাঁড়াতে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য শ্রমিকরা প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বোচ্চ তিন মাসে মোট ১৫ হাজার টাকা সরাসরি নগদ সহায়তা পাবেন।
শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (UWPP) ও ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (LIMS) বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত TA-SPBS প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংকটে পড়া শ্রমিকদের সহায়তায় সেন্ট্রাল ফান্ডের উদ্যোগগুলো কার্যকর ভূমিকা রাখছে।
বিজিএমইএর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া বলেন, বেকারত্ব বা সংকটের সময়ে শ্রমিকরা যাতে দ্রুত সহায়তা পান, সে জন্য কারখানাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সেন্ট্রাল ফান্ডের পরিচালক তাহমিনা বেগম কর্মশালায় UWPP-এর সুবিধা ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
আয়োজকরা জানান, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় চালু হওয়া সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিমার্জিত রূপ হলো UWPP। কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িক কর্মহীন হয়ে পড়া যোগ্য শ্রমিকদের G2P ডিজিটাল পদ্ধতিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বোচ্চ তিন মাস নগদ সহায়তা দেওয়া হয়।
কর্মশালায় শ্রমিকদের তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির গুরুত্বও তুলে ধরা হয়। বিশেষ করে কারখানার পে-রোল ও জাতীয় পরিচয়পত্রের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে তথ্যগত ভুলের কারণে প্রকৃত সুবিধাভোগী কোনো শ্রমিক সহায়তা থেকে বঞ্চিত না হন।
কর্মশালায় বিজিএমইএ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), জার্মান উন্নয়ন সংস্থা GIZ, ইউরোপীয় ইউনিয়নের TA-SPBS প্রকল্প এবং অর্ধ শতাধিক পোশাক কারখানার এইচআর প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের আশা, সরকার, বিজিএমইএ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত এ উদ্যোগ পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি শিল্প খাতে আরও নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
চাকরি হারানো পোশাক শ্রমিক পাবেন ১৫ হাজার টাকা সহায়তা
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!