রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণে সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো অবৈধ দোকান কিংবা সড়ক দখল করে হকারি করতে দেওয়া হবে না। নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ অভিযান কাউকে হয়রানি বা শুধু জরিমানা করার জন্য নয়। নগরের শৃঙ্খলা, জনস্বার্থ ও নাগরিক অধিকার রক্ষাই মূল লক্ষ্য। যারা আইন ও সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে ফুটপাত-সড়ক দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা ও সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের ছয় মাস ধরে সতর্ক করা হচ্ছে। গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা নির্দেশনা মানছেন না, তাদের আর ছাড় দেওয়া হবে না।
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, তালিকা অনুযায়ী নির্ধারিত স্থানে হকারদের বসানোর কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যবস্থা বাস্তবায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এরপর নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারি করার সুযোগ থাকবে না।
আগামী কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ও ঝটিকা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এসব অভিযানে ফুটপাত ও সড়ক দখল, ট্রেড লাইসেন্সের বৈধতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং বিদ্যুতের অপব্যবহারসহ বিভিন্ন বিষয় যাচাই করা হবে।
নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত, যানজট কমানো এবং ফুটপাতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!