নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকটির কার্যক্রম তদারককারী Bank Resolution Department (BRD)-এর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকটির merger ও reconstruction, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং IT ও operational integration-এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পর্যন্ত ব্যাংকটি প্রায় ১০ হাজার মামলা দায়ের করেছে। আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রচলিত আইনগত ব্যবস্থার পাশাপাশি Exit Policy ও Alternative Dispute Resolution (ADR)-এর মাধ্যমে সমঝোতাভিত্তিক ঋণ আদায়ের উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে, পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত Forensic Audit চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত ছয় মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পুনর্গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই থেকে নতুন Chief Executive Officer (CEO) নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।
পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে Core Banking System (CBS), SWIFT ও RMA-সহ IT অবকাঠামো একীভূতকরণের কাজ এগিয়ে চলছে। আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে আমানতের অর্থ তুলতে পারেন, সে জন্য একটি কমন ইন্টারফেস চালুর কাজও এগিয়েছে।
এ ছাড়া শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় ৭৮০টি শাখা ও ১ হাজার ৫০০টি Business Unit merger, rationalization ও operational integration-এর আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও Business Unit একীভূতকরণ এবং প্রযুক্তিগত integration-এর অগ্রগতি BRD নিয়মিত পর্যালোচনা ও follow-up করছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির সুশাসন, পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতা বাড়বে, ঋণ আদায় ত্বরান্বিত হবে এবং পরিচালন ব্যয় কমবে। একই সঙ্গে ব্যাংকের আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন সমৃদ্ধ রাষ্ট্র-মালিকানাধীন বাংলাদেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকে সভা
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!