নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৫ আগস্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি।
এ সময় ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. মাহমুদা মিতু এমপিসহ দলটির নেতারা। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে এনসিপিসহ তারা একসঙ্গে কাজ করছেন। সংসদের ভেতরে ও বাইরে এবং বিগত নির্বাচনেও একসঙ্গে লড়াই করেছেন তারা।
তিনি বলেন, “আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ—একটি সরকারি দল, অন্যটি বিরোধীদল। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য।”
সংসদে বিরোধীদলের প্রাপ্য অধিকার থেকে তারা অনেকাংশে বঞ্চিত হচ্ছেন দাবি করে জামায়াত আমির বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে তাদের মনে হচ্ছে। তিনশ আসনের ফান্ড বরাদ্দের ক্ষেত্রে সরকারি দলকে যে পরিমাণ দেওয়া হয়েছে, তার ধারে কাছেও বিরোধীদলের এমপিরা নেই।
“সরকারি বরাদ্দ কোনো দলের নয়”—উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি দল বৈষম্য না করার এবং দেশের সুষম উন্নয়নের কথা বলেছিল।
ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়ন নাগরিক অধিকার। একটি দেশের ভেতরে বৈষম্য সৃষ্টি হলে সামাজিক অসন্তোষ দেখা দেয়। স্থিতিশীল সমাজ ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আর এই স্থিতিশীল সমাজ তৈরির মূল দায়িত্ব সরকারি দলের।
সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। এভাবে কোনো দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না।
বর্তমান আন্দোলন সম্পর্কে জামায়াত আমির বলেন, তারা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের দাবি ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন। সরকার তাদের রাজপথে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমরা এর সমাধান সংসদের ভেতরে চেয়েছিলাম। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।”
পরিশেষে এনসিপি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!