নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। মাছ, মুরগি ও ডিমের বাড়তি দামে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের ক্রেতারা। বাজারে এখন ২০০ টাকার মধ্যে মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ টাকা এবং ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম পড়ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি।
ডিমের বাজারেও স্বস্তি নেই। সাদা ডিমের ডজন ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে একই ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। তবে বাজার ও এলাকাভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে।
মুরগি বিক্রেতা আব্দুর রহিম বলেন, “গত সপ্তাহের তুলনায় মুরগির দামে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি ৩২০ টাকা কেজি বিক্রি করেছি।”
মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। ২০০ টাকার নিচে মিলছে না মাছ। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০, ট্যাংরা ৭০০, ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইন ৬০০ থেকে ৮০০ এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই ৩০০, পোয়া ২৬০ এবং শোল মাছ ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের শিং আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি।
ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা।
বাজারের ক্রেতা আব্দুস সবুর বলেন, “মাছ কিনতে এসে এখন রীতিমতো অবাক হতে হয়। ২৫০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়াও আড়াইশ টাকা কেজি। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বাজার করাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।”
মাছ বিক্রেতা শফিক বলেন, মাছের দামে বড় কোনো পরিবর্তন নেই। তবে একদিন ২০-৩০ টাকা কমলে পরদিন আবার বেড়ে যায়।
ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের আয় সেভাবে বাড়েনি। মাছ, মুরগি ও ডিম—তিনটি পণ্য কিনতেই এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে।
একজন ক্রেতা বলেন, “একটার দাম একটু কমলে আরেকটার দাম বেড়ে যাচ্ছে। ২০০ টাকার মধ্যে মাছ পাওয়া যাচ্ছে না, মুরগি ও ডিমের দামও বেশি। আগে যে টাকায় এক সপ্তাহের বাজার করা যেত, এখন কয়েক দিনের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।”
ক্রেতাদের আশঙ্কা, এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!