নিজস্ব প্রতিবেদক: প্লাস্টিক দূষণ মোকাবিলা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারী, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকদের দায়বদ্ধ করতে ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) নির্দেশিকা ২০২৬’ জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ উদ্যোগকে প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)।
সোমবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। একই সঙ্গে ইপিআর নির্দেশিকা জারি করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে সিএলপিএ।
সংগঠনটি বলেছে, প্লাস্টিক পণ্যের ব্যবহার-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব শুধু সরকার বা সাধারণ জনগণের ওপর না রেখে উৎপাদনকারী, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকদের ওপর অর্পণ করা ‘দূষণকারী দায় বহন করবে’ (Polluter Pays Principle) নীতির গুরুত্বপূর্ণ প্রয়োগ। এর মাধ্যমে পণ্য উৎপাদন থেকে শুরু করে ব্যবহার-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দায় ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
ইপিআর নির্দেশিকায় প্লাস্টিক পণ্যের শ্রেণিবিন্যাস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে তালিকাভুক্ত ও নিবন্ধন, বর্জ্য সংগ্রহ ও পুনঃচক্রায়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং বার্ষিক অগ্রগতি প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। সিএলপিএর মতে, এসব ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনঃচক্রায়ন ও ব্যবস্থাপনায় একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে।
বিবৃতিতে বলা হয়, প্লাস্টিক দূষণ পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, পানি ও জীববৈচিত্র্যের জন্যও ক্রমবর্ধমান হুমকি। বিশেষ করে নদী, খাল, জলাশয় ও সমুদ্রে প্লাস্টিক বর্জ্য প্রবেশের ফলে দীর্ঘমেয়াদি পরিবেশগত ক্ষতি হচ্ছে। এ অবস্থায় প্লাস্টিক পণ্যের উৎপাদক ও বাজারজাতকারীদের ব্যবহার-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বের আওতায় আনা সময়োপযোগী উদ্যোগ।
তবে শুধু নির্দেশিকা জারি নয়, এর কার্যকর বাস্তবায়নকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিএলপিএ। এজন্য পরিবেশ অধিদপ্তরের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত পরিদর্শন ও নজরদারি, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে বর্জ্য সংগ্রহ ও পুনঃচক্রায়ন অবকাঠামোর উন্নয়ন এবং এ কাজে যুক্ত অপ্রাতিষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সিএলপিএ।
সংগঠনটি বলছে, ভবিষ্যতে বর্জ্য সংগ্রহ ও পুনঃচক্রায়নের লক্ষ্যমাত্রা আরও উচ্চাভিলাষী করার পাশাপাশি প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ রয়েছে। উৎপাদনকারী ও ব্র্যান্ড মালিকদের দায়িত্বশীল উৎপাদন, পরিবেশবান্ধব নকশা এবং পুনঃব্যবহার ও পুনঃচক্রায়নযোগ্য পণ্যের ব্যবহার বাড়াতেও উৎসাহিত করতে হবে।
সিএলপিএ আশা করছে, সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে ইপিআর নির্দেশিকা ২০২৬-এর কঠোর, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে সরকার। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ও চক্রাকার অর্থনীতি প্রতিষ্ঠায় কার্যকর অগ্রগতি হবে।
ইপিআর নির্দেশিকা ২০২৬ জারি, প্লাস্টিক দূষণ কমাতে ইতিবাচক উদ্যোগ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!