নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা সংযোজন করা হচ্ছে। নতুন এসব সিগনালের মধ্যে ২৮টি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ২২টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থাপন করা হবে।
গত বছরের মাঝামাঝি সময়ে ঢাকার ১৩টি পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগনাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েটের তত্ত্বাবধানে নির্মিত এসব সিগনালের কয়েকটিতে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা যুক্ত করা হয়। এর ফলে সিগন্যাল অমান্যকারী যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
চালকদের অনেকেই বলছেন, এআই ক্যামেরার কারণে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে তাদের মধ্যে সতর্কতা বেড়েছে। তাদের মতে, সিগন্যাল অমান্য করলে মামলা হওয়ার আশঙ্কা থাকায় চালকরা এখন নিয়ম মেনে চলতে বেশি আগ্রহী।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, নতুন সিগনাল ব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। এটি পরিচালনার জন্য আলাদা অপারেটরের প্রয়োজন হবে না। সিগন্যালটি ডিমান্ড রেসপন্সিভ হওয়ায় পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে প্রয়োজন হলে ট্রাফিক পুলিশ হাতের ট্যাব ব্যবহার করে সিগন্যালের পরিবর্তন করতে পারবেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, মানুষকে দীর্ঘদিনের অনিয়মের অভ্যাস থেকে বের করে শৃঙ্খলার মধ্যে আনতে সময় লাগবে। তবে সাধারণ মানুষ এ উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছে বলেও জানান তিনি।
তবে এআই ক্যামেরাযুক্ত সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কিছুটা মিশ্র অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, সড়কে ফিটনেসবিহীন ও নিয়মবহির্ভূত যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে শুধু প্রযুক্তি দিয়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।
ট্রাফিক সার্জেন্ট তারিকুল বলেন, যেখানে যত্রতত্র পথচারী পারাপার হয় কিংবা ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি, সেখানে এআই সিগন্যাল ব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করতে পারছে না।
নতুন সিগন্যালগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রকল্পের ব্যয়ও বাড়ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রশিক্ষণের মাধ্যমে ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির পাশাপাশি সড়কে শৃঙ্খলা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং পথচারীদের সচেতনতা নিশ্চিত করা গেলে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা রাজধানীর যানজট ও সড়ক বিশৃঙ্খলা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!