পরিবহন খরচসহ কেজিপ্রতি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব আলজেরিয়ার
রমজানের বাজারে বাড়তি চাহিদা ও মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে মন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই বাজারে চাহিদা বাড়ার আগেই জানুয়ারির প্রথম দিকে পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন।
রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে পর্যাপ্ত মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহে দেশটির কৃষি মন্ত্রণালয়ও প্রস্তাব পাঠিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব।
এদিকে, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। এ লক্ষ্যে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন কিংবা যৌথ বাণিজ্য কমিটি গঠনে একমত হয়েছে দুই পক্ষ।
এছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের উদ্যোক্তা ও কারুশিল্পীদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!