আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা হতে পারে। পাঁচ লিটারের বোতলে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৭০ টাকা।
রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার প্রস্তুতির মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর এই উদ্যোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি, এরই মধ্যে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রির অভিযোগ উঠেছে।
গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকরের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে অনুমোদন দেয়নি।
কোম্পানিগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান দামে তেল বাজারজাত করা কঠিন হয়ে পড়েছে। তাদের হিসাবে, গত ছয় মাসে প্রতি টন ভোজ্যতেলের দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। বর্তমান আমদানি ব্যয় বিবেচনায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খরচ প্রায় ২৩৩ টাকা।
তবে সরকারের অনুমোদন না মিললেও বাজারে এরই মধ্যে বাড়তি দামের চাপ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নির্ধারিত দামের চেয়ে ১৫ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
এর আগে গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম সমন্বয় করে সরকার। তখন বোতলজাত তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ দুই মাসেরও কম সময়ের মধ্যে আবারও দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিগুলো।
এদিকে, দাম বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি ডিলার পর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। কারওয়ান বাজারের এক ডিলারের দাবি, কোম্পানি থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পেলে খুচরা বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আসন্ন রমজানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত আমদানির ব্যবস্থা করা হচ্ছে। বাজারে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই বলেও জানান তিনি।
সয়াবিন তেলের বাজারে আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন। তিনি বলেন, আমদানিকারকরা দাম বাড়ানোর প্রস্তাব দিলেই বাজারে সরবরাহ কমে যাওয়ার অভিযোগ ওঠে। গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা থাকায় এমন পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে।
ক্যাবের এই নেতা বলেন, আমদানিকারকদের প্রকৃত আমদানি ব্যয়, শুল্ক, পরিবহন ও পরিশোধন খরচ নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। এ ক্ষেত্রে শুধু ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা সীমাবদ্ধ না রেখে ভোক্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদেরও যুক্ত করা উচিত।
রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব এবং বাজারে সরবরাহ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় উদ্বিগ্ন সাধারণ ক্রেতারা। তাদের আশঙ্কা, নতুন করে দাম বাড়লে সংসারের খরচ আরও বাড়বে। তাই মূল্যবৃদ্ধির প্রস্তাব যাচাইয়ের পাশাপাশি নির্ধারিত দামে তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!