শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।
তিনি বলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। সাত থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আবার বেশি দেরি হলে ভর্তি কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। তাই প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে। তবে এক মাসের বেশি সময় দেওয়া সম্ভব হবে না।
এদিকে, খাতা পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষামন্ত্রী জানান, গত এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করে এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পায়।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পাসের হার কমে যাওয়াকে সন্তোষজনক মনে করছেন না শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের শেখার ঘাটতি, শিক্ষার পরিবেশ ও অভিভাবকদের ভূমিকা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, এবার ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে মন্ত্রণালয়। প্রয়োজনে আশপাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হবে। তবে এতে শিক্ষকদের চাকরি হারাতে হবে না।
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!