রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে, একজনের আর ফেরা হলো না

ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে, একজনের আর ফেরা হলো না

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছিল তিন বোন। চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুজন। কিন্তু বড় বোন সাফিয়া হাসিন আরোশীর আর ফেরা হয়নি। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের সময় বাবাকে কথা দিয়েছিল, শেষ পর্যন্ত লড়বে। সেই লড়াই আর জেতা হলো না ১৫ বছরের কিশোরীর।

হাসানুজ্জামান-শারমীন আক্তার দম্পতির তিন মেয়ের মধ্যে বড় ছিল আরোশী। সে নবম শ্রেণিতে পড়ত। মেজ মেয়ে সায়রা হাসিন সরোশী ষষ্ঠ এবং ছোট মেয়ে সাকেরা হাসিন রোদশী প্রথম শ্রেণির শিক্ষার্থী। তিন বোনই পড়ত একাডেমিয়ার মিরপুর ক্যাম্পাসে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

গত ১৯ অক্টোবর প্রথমে জ্বর আসে আরোশীর। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর একে একে আক্রান্ত হয় ছোট দুই বোনও। প্রথমে বাসায় রেখেই চিকিৎসা চলছিল তিনজনের। তরল খাবার খাওয়ানোর পাশাপাশি নিয়মিত করা হচ্ছিল প্লাটিলেটসহ প্রয়োজনীয় পরীক্ষা। তবে আরোশীর খাবার খেতে পারলেও বমি হচ্ছিল।

অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২২ অক্টোবর তিন বোনকেই ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আরোশীর শারীরিক জটিলতা বাড়তে থাকলে তাকে বিআরবি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ২৫ অক্টোবর বেলা ১টা ২৬ মিনিটে মারা যায় সে।

মেয়ের শেষ সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে বাবা হাসানুজ্জামান বলেন, আইসিইউতে প্লাজমা লিকেজ ও কিডনির জটিলতা দেখা দিয়েছিল আরোশীর। তখনো মেয়েকে সাহস জুগিয়েছেন তিনি। বলেছেন, ‘তুমি আমার ফাইটার গার্ল, ফাইট করো।’ মেয়ে জবাব দিয়েছিল, ‘বাবা, আমি হাল ছেড়ে দেব না। আমি ফাইট করব।’

মেয়ের অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে একসময় তার কাছে ক্ষমাও চেয়েছিলেন বাবা। জীবনে অনেক শখ পূরণ করতে না পারা, বকাঝকা করার জন্য অনুশোচনা হচ্ছিল তাঁর। কিন্তু তখনো মুখে হাসি এনে বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল আরোশী।

মেয়ের মৃত্যুর দিন ছোট বোন রোদশীর অবস্থাও ভালো ছিল না। তাই তাকে বড় বোনের মৃত্যুর খবর জানানো হয়নি। অন্যদিকে মেজ বোন সরোশী কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বড় বোনের মরদেহের সঙ্গে নোয়াখালী যায়।

হাসানুজ্জামান বলেন, একদিকে বড় মেয়ে আইসিইউতে, অন্যদিকে দুই মেয়ের চিকিৎসা—দুই হাসপাতালের মধ্যে ছোটাছুটি করতে হয়েছে তাঁদের। নোয়াখালী যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে ছিল বড় মেয়ের মরদেহ, আর গাড়িতে বাবার হাত ধরে বসেছিল মেজ মেয়ে। ছোট মেয়ে তখনো হাসপাতালে, জানতই না তার বোন আর নেই।

দাফন শেষে দুই মেয়ের শারীরিক অবস্থার কথা ভেবে দ্রুত ঢাকায় ফিরতে হয় বাবা-মাকে। বড় বোনের মৃত্যুর পর থেকে ছোট দুই বোন প্রায় কথাই বলে না। চোখ বেয়ে শুধু পানি পড়ে। নিজেদের আলাদা ঘর থাকলেও তিন বোনের সময় কাটত একসঙ্গে, চলত খুনসুটি।

মৃত্যুর আগে মায়ের কাছেও কিছু কথা বলতে চেয়েছিল আরোশী। লাইফ সাপোর্ট দেওয়ার আগে মা শারমীন আক্তার আইসিইউতে গেলে বলেছিল, ‘মা, তুমি আসছ। তোমার সঙ্গে অনেক কথা আছে। মা, আমাকে ফেলে যেয়ো না।’ সেই কথাগুলো আর শোনা হয়নি মায়ের।

মায়ের জন্মদিনে দরজায় ঝোলানোর জন্য একটি শোপিস উপহার দিয়েছিল আরোশী। বলেছিল, বাতাসে সেটি নড়লে যে মিষ্টি শব্দ হবে, তাতেই মেয়ের কথা মনে পড়বে মায়ের। এখন সেই শব্দ হলেই চমকে ওঠেন শারমীন আক্তার।

বাসার প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে আরোশীর স্মৃতি। তার পড়ার টেবিল এখনো গোছানো। সেখানে সাজানো পড়াশোনা, নাচ, ছবি আঁকা, ব্যাডমিন্টন ও ভলিবলে পাওয়া ক্রেস্ট ও সনদ। টেবিলের পাশেই পড়ে আছে সমুদ্রসৈকতের একটি অসমাপ্ত ছবি। আর শেষ করা হয়নি সেটি।

হাসানুজ্জামানের ভাষ্য, মেয়ের চিকিৎসায় কোনো গাফিলতি করেননি তাঁরা। হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ নেই তাঁর। পরিবারের প্রায় ১৪ জন সদস্য চিকিৎসক হলেও ডেঙ্গু কাউকে আলাদা করে দেখে না। তিন মেয়েই আক্রান্ত হওয়ায় বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ছোট দুজনকে নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত বড় মেয়েকেই হারাতে হয়েছে।

মেয়ের মৃত্যুতে শোকের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণের বিকল্প নেই। নিজেদের আবাসিক এলাকায় মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেও বাইরের পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তির নেই।

হাসানুজ্জামান বলেন, ডেঙ্গুতে স্বজন হারানো পরিবারগুলোর হাহাকার ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ থাকছে। করোনার সময় যে ধরনের তৎপরতা দেখা গিয়েছিল, ডেঙ্গু মোকাবিলায় তেমন উদ্যোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসায় প্রতিনিয়ত এমন পরিবারকে স্বজন হারানোর বেদনা নিয়ে বাঁচতে হচ্ছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসাভারের হেমায়েতপুরের সন্ত্রাসী মুস...
পরবর্তী সংবাদএইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ