নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। দীর্ঘদিন ধরে বাজারে এমন পরিস্থিতি চললেও বাড়তি দামে বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বদলে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে রান্নার গ্যাস কিনতে ভোক্তার খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপিজির দাম ও সংশ্লিষ্ট খরচ পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে দিনব্যাপী গণশুনানি করে বিইআরসি। শুনানিতে ব্যবসায়ীরা তাঁদের কমিশন বাড়ানোর দাবি জানান। এসব প্রস্তাব পর্যালোচনা করে কমিশনের কারিগরি কমিটি ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছে।
এই সুপারিশ কার্যকর হলে বর্তমানে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াবে ১ হাজার ৯৭৬ টাকা।
বর্তমানে প্রতি ১২ কেজির সিলিন্ডারে মজুত ও বোতলজাতকরণ বাবদ কোম্পানিগুলো ২০০ টাকা কমিশন পায়। ওমেরা এই কমিশন বাড়িয়ে ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেলটা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার দাবি জানিয়েছেন।
প্রস্তাবগুলো পর্যালোচনা করে কারিগরি কমিটি পরিবেশক পর্যায়ে কমিশন ৫০ টাকা থেকে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতা পর্যায়ে ৪৫ টাকা থেকে ৭০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।
শুনানিতে ব্যবসায়ীরা দাবি করেন, গত কয়েক বছরে পরিচালন ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে বর্তমান কমিশনে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। যৌক্তিকভাবে কমিশন বাড়ানো হলে বাজারে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির প্রবণতা বন্ধ হবে বলেও দাবি তাঁদের।
মেঘনা ফ্রেশ এলপিজির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা বলেন, এমনভাবে দাম নির্ধারণ করা উচিত, যাতে নির্ধারিত দামের চেয়ে এক টাকা বেশি নেওয়ার সুযোগ না থাকে। এরপরও কেউ বেশি দাম নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।
অন্যদিকে পরিবেশকদের পক্ষ থেকে মেসার্স উজ্জ্বল ট্রেডার্সের স্বত্বাধিকারী মণি মুক্তা পাল বলেন, কোম্পানিগুলোর মতো পরিবেশকদেরও পরিচালন ব্যয় বেড়েছে। পাশাপাশি অব্যবহৃত সিলিন্ডারের বোঝাও তাঁদের বহন করতে হচ্ছে। এ কারণে প্রতি সিলিন্ডারে কমিশন ১৫০ টাকা করার দাবি জানান তিনি।
তবে কমিশন বাড়ানোর এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তা অধিকার সংগঠন ও সাধারণ ভোক্তারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলেও নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। বরং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় ভোক্তার ওপর চাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বাজারে ইচ্ছেমতো দামে এলপিজি বিক্রি করেও আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। বাড়তি দামে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাড়াহুড়ো করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ভোক্তার জ্বালানি সুবিচার নিশ্চিত হচ্ছে না।
শুনানিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, অতিরিক্ত চার্জ আদায় এবং এসব অভিযোগে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে শুনানি বর্জনের ঘোষণা দেন।
এদিকে এলপিজির আন্তর্জাতিক বাজারে দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় নভেম্বরের নিয়মিত মূল্য সমন্বয়েও ১২ কেজির সিলিন্ডারের দাম ১০০ টাকার বেশি বাড়তে পারে বলে জানিয়েছে বিইআরসি ও আমদানিকারক সূত্র। এর সঙ্গে কমিশন বৃদ্ধির সুপারিশ কার্যকর হলে ভোক্তার ব্যয় আরও বাড়বে।
দেশে এলপিজি ব্যবসায় যুক্ত ৩৫টি কোম্পানির মধ্যে ২৩টির আমদানির অবকাঠামো থাকলেও গত মাসে আমদানি করেছে মাত্র ১০টি। ঋণপত্র জটিলতার কারণে কয়েকটি কোম্পানি আমদানি করতে না পারায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে বলে শুনানিতে দাবি করেন ব্যবসায়ীরা।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, শুনানিতে অংশ নেওয়া সব পক্ষের মতামত পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর ভাষ্য, নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ কমিশনের কাছে নিয়মিত আসে। তবে ২০২১ সালে নির্ধারিত বিভিন্ন খরচ ও কমিশন বর্তমান বাস্তবতায় পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, দেশের এলপিজি বাজারের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় রান্নার কাজে। এক কোটির বেশি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। তবে নির্ধারিত দামে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!