নিজস্ব প্রতিবেদক:১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বিধিনিষেধ ঘিরে উৎপাদন ব্যাহত, রপ্তানি আদেশ বাতিল এবং কারখানা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড)। পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক ছাঁটাই ও কর্মসংস্থানে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)। সংকট নিরসনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) জরুরি হস্তক্ষেপ চেয়ে নির্বাহী চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে পাঠানো চিঠিতে বেপজিয়া জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৭ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ২০২৬ তারিখের সংশ্লিষ্ট আদেশের প্রয়োগ নিয়ে ইপিজেডের অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় নির্দিষ্ট ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির শর্ত নিয়ে উদ্বেগ রয়েছে।
সংগঠনটির মতে, কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা দেখা দিলে উৎপাদন অব্যাহত রাখা, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। এতে নতুন রপ্তানি আদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যমান অর্ডার বাতিলের ঝুঁকিও বাড়বে। এমন পরিস্থিতিতে কিছু কারখানা শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বেপজিয়ার দাবি, ইপিজেডে বিনিয়োগকারীরা সরকারের দেওয়া আইনগত কাঠামো, অনুমোদন এবং আমদানি-সুবিধার ওপর আস্থা রেখেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখন স্পষ্ট ব্যাখ্যা ছাড়া এসব সুবিধা প্রত্যাহার বা অতিরিক্ত আর্থিক শর্ত আরোপ করা হলে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের পূর্বানুমেয়তা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
সংকট সমাধানে এনবিআরের কাছ থেকে লিখিত ব্যাখ্যা সংগ্রহ, অনুমোদিত ইপিজেড শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিদ্যমান শুল্কমুক্ত ও বন্ডেড আমদানি-সুবিধা অব্যাহত রাখা এবং অতিরিক্ত ব্যাংক গ্যারান্টির শর্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া কাঁচামালের চালান দ্রুত খালাসে অন্তর্বর্তী ব্যবস্থা, বিদ্যমান ঋণপত্র ও রপ্তানি আদেশ সুরক্ষা এবং বেপজা, এনবিআর, কাস্টমস কর্তৃপক্ষ ও বেপজিয়ার অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও আমদানি পদ্ধতি সব ইপিজেডে অভিন্নভাবে বাস্তবায়নের জন্য লিখিত নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে।
বেপজিয়ার মতে, অতিরিক্ত ব্যাংক গ্যারান্টির কারণে ব্যাংকিং সীমা ও কার্যকরী মূলধন আটকে যেতে পারে। এতে অর্থায়ন ব্যয় বাড়বে, কাঁচামাল খালাসে বিলম্ব হবে এবং রপ্তানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে। দীর্ঘস্থায়ী সংকট শ্রমিকদের জীবিকা বিপন্ন করার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষেরও কারণ হতে পারে।
তবে সংগঠনটি জানিয়েছে, তারা আইনসম্মত আমদানি, যথাযথ মজুত হিসাব, কাস্টমস বিধিবিধান প্রতিপালন এবং রপ্তানি-সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি রাজস্ব সুরক্ষার জন্য যথাযথ তদারকির পক্ষেও তারা অবস্থান নিয়েছে।
চিঠিতে বেপজিয়ার সভাপতি শাহাদাত মুশাররফ খান বেপজার দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, বিনিয়োগকারীদের আস্থা ও বিনিয়োগের সময় দেওয়া আশ্বাস সুরক্ষায় সুস্পষ্ট ও সমন্বিত সিদ্ধান্ত জরুরি। তাঁর মতে, দ্রুত সমাধান নিশ্চিত করা গেলে রপ্তানির ধারাবাহিকতা, কর্মসংস্থান এবং নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের সুনাম রক্ষা করা সম্ভব হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!