নিজস্ব প্রতিবেদক: বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনেরাস কো. লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সহায়তা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।
কর্মশালায় স্ট্রোক ও বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনসেবার মানোন্নয়ন, চিকিৎসা পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এতে চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে সমন্বিত, কার্যকর ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
কর্মশালায় বিএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ ও জেনেরাস কো. লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, নিউরো রিহ্যাবিলিটেশন রোগীদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বাড়ানো, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক জীবনে পুনরায় সম্পৃক্ত হতে সহায়তা করে। এ কর্মশালা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত সহযোগিতা জোরদারের পাশাপাশি দেশে আধুনিক ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!