নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, কাঁচামাল আমদানি সহজ করা এবং রপ্তানিকারকদের জন্য নীতিগত জটিলতা দূর করার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানিতে বিধিনিষেধের কারণে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সরকারি সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয় জোরদার করা জরুরি।
এ বিষয়ে শাহরিয়ার বলেন, রপ্তানি বাড়াতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে দেশে উৎপাদিত অ্যাকসেসরিজ ও ট্রিমস সরবরাহে বিদেশি পণ্যের মতো বিনা মূল্যে সরবরাহের (এফওসি) সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তার প্রশ্ন, বিদেশ থেকে এফওসি সুবিধায় অ্যাকসেসরিজ আমদানি করা গেলে দেশীয় উদ্যোক্তারা একই সুবিধায় সরবরাহ করতে পারবেন না কেন?
ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। একই সময়ে চীন, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি বাড়লেও বাংলাদেশের অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রপ্তানি আয় বাড়াতে ব্যবসায়ীদের ঐক্য এবং সরকারি সংস্থাগুলোর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, ভারত বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। কাঁচামাল আমদানির জটিলতা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিগত অস্পষ্টতাও ব্যবসায়ীদের সংকট বাড়াচ্ছে।
তিনি জানান, একসময় ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বছরে প্রায় ১০০ কোটি ডলারে পৌঁছেছিল। বর্তমানে তা কমে ৫০ থেকে ৬০ কোটি ডলারে নেমেছে। ভবিষ্যতে এই বাজারে রপ্তানি আরও কমার আশঙ্কা রয়েছে।
ফারুক হাসানের মতে, আমদানি ও পণ্য পরিবহনসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে রপ্তানি খাতে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা জরুরি। অন্যথায় কাঁচামাল সরবরাহ ও পণ্য পরিবহনে বাধা উৎপাদন ব্যাহত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দিতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএপিএমইএর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতিও বক্তব্য দেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!