নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশটিতে বাংলাদেশের ডেনিম রপ্তানির মূল্য কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। যদিও আগস্টে রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ, যা ইউরোপের বাজারে চাহিদা পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ইইউ মোট ২ হাজার ৯৫৬ দশমিক ২১ মিলিয়ন ইউরোর ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ে এ আমদানির পরিমাণ ছিল ৩ হাজার ৯২ দশমিক ২৭ মিলিয়ন ইউরো। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে ইইউর ডেনিম আমদানি কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।
এ সময়ে বাংলাদেশ থেকে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোর ডেনিম আমদানি করেছে ইইউ। মোট আমদানির ২৯ দশমিক ৪০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রপ্তানি মূল্য ৫২৫ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো এবং তুরস্কের ৪৩৮ দশমিক ২৫ মিলিয়ন ইউরো।
তবে শীর্ষ অবস্থানে থাকলেও বাংলাদেশের বাজার অংশীদারত্ব কিছুটা কমেছে। গত বছরের প্রথম আট মাসে ইইউর ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২৯ দশমিক ৮৫ শতাংশ, যা চলতি বছর কমে ২৯ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে বাংলাদেশের রপ্তানি মূল্য কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ, যা ইউরোপীয় বাজারের সামগ্রিক পতনের চেয়েও বেশি।
আগস্টে বেড়েছে বাংলাদেশের রপ্তানি
আট মাসের সামগ্রিক চিত্রে নেতিবাচক প্রবণতা থাকলেও আগস্টে রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। ওই মাসে ইইউর মোট ডেনিম আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ২৩ শতাংশ বেশি।
একই সময়ে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ। আগস্টে বাংলাদেশের রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরো। এ মাসে ইইউর ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ বেড়ে হয়েছে ৩১ দশমিক ১৭ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ।
আগস্টে ইইউর ডেনিম আমদানিতে মোট যে প্রবৃদ্ধি হয়েছে, তার প্রায় ৩৫ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। ফলে জুলাই পর্যন্ত বাংলাদেশের রপ্তানি মূল্যের যে ৮ দশমিক ৫৯ শতাংশ পতন ছিল, আগস্টের প্রবৃদ্ধিতে তা কমে আট মাস শেষে ৫ দশমিক ৮৫ শতাংশে নেমে এসেছে।
তুরস্কের বাজার হারানো, এগিয়ে যাচ্ছে অন্যরা
ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী তুরস্কের রপ্তানি মূল্য কমেছে ২১ দশমিক ০৮ শতাংশ বা প্রায় ১১৭ মিলিয়ন ইউরো। এ ছাড়া মরক্কোর রপ্তানি কমেছে ১৪ দশমিক ৪৮ শতাংশ, পাকিস্তানের ৭ দশমিক ৮৮ শতাংশ, কম্বোডিয়ার ৬ দশমিক ৪৭ শতাংশ এবং তিউনিসিয়ার ৬ দশমিক ৪৪ শতাংশ।
অন্যদিকে, কিছু প্রতিযোগী দেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মিসরের রপ্তানি মূল্য বেড়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ বা ৪৫ মিলিয়ন ইউরো। চীনের বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ বা ৩০ মিলিয়ন ইউরো। আর ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ৪৫ দশমিক ৩৮ শতাংশ বা ১৭ মিলিয়ন ইউরো।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, তুরস্কের রপ্তানিতে বড় ধরনের পতন হলেও সেই সুযোগের পুরোটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। একই সময়ে মিসর, চীন ও ভিয়েতনামের মতো দেশগুলো ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের মতে, ইইউর বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান এখনো শক্তিশালী। আগস্টের প্রবৃদ্ধিও আশাব্যঞ্জক। তবে এই অবস্থান ধরে রাখতে হলে কাছাকাছি অবস্থানের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত পণ্য সরবরাহ এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদনে নমনীয়তা বাড়াতে হবে।
সব মিলিয়ে, আগস্টের প্রবৃদ্ধি বাংলাদেশের ডেনিম রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। তবে আট মাসের সামগ্রিক হিসাবে রপ্তানি এখনো নিম্নমুখী। তাই বাজারের অংশীদারত্ব ধরে রাখা এবং নতুন প্রতিযোগীদের সঙ্গে সক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকাই হবে বাংলাদেশের ডেনিম শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।
সূত্র: ইউরোস্ট্যাট; সংকলন—বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!