নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সৈকত ও পর্যটন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সমুদ্রদূষণ রোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান বলেন, প্লাস্টিক পণ্য ও অন্যান্য বর্জ্য নদীতে ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পর্যটন এলাকাগুলোতে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমুদ্র ও সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কুয়াকাটা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা সম্ভব।
সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিচ্ছন্নতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!