নিজস্ব প্রতিবেদক: দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৬ জনের মৃত্যু হচ্ছে। আর প্রতিদিন স্থায়ীভাবে পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে পড়ছেন ১০৪ জন। বছরে সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন ৩০ লাখের বেশি মানুষ। এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রাক্কালে প্রকাশিত এ পরিসংখ্যান সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য, ত্রুটিপূর্ণ যানবাহন এবং দুর্বল তদারকির কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে।
জরিপ অনুযায়ী, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২৪ হাজার ২৩৩ জন প্রাণ হারান। স্থায়ীভাবে পঙ্গুত্ব বা প্রতিবন্ধিতার শিকার হন ৩৮ হাজার ২৮ জন। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১০৪ জন স্থায়ীভাবে কর্মক্ষমতা হারাচ্ছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বড় অংশই তরুণ, যুবক ও পরিবারের উপার্জনক্ষম সদস্য।
২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ৪ লাখ ৪২ হাজার ৯৯৮ জনের তথ্য বিশ্লেষণ করে জরিপটি পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে জরিপে সহায়তা করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
দুর্ঘটনায় নিঃস্ব হচ্ছে পরিবার
সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানি ঘটাচ্ছে না, বিপর্যস্ত করছে অসংখ্য পরিবারকে। গুরুতর আহতদের অনেককে দীর্ঘদিন চিকিৎসা নিতে হচ্ছে। কেউ হারাচ্ছেন কর্মক্ষমতা, কেউবা চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে পড়ছেন।
চট্টগ্রামের বোয়ালখালীর জাহিদুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর হাত-পা ভাঙার পাশাপাশি চোয়াল ও মাথায় আঘাত লাগে। দীর্ঘ চিকিৎসার পরও পঙ্গুত্ব এড়াতে পারেননি তিনি। বর্তমানে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা নিচ্ছেন জাহিদুল। তাঁর চিকিৎসায় ইতিমধ্যে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব ২০২১ সালে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার পর প্রায় তিন বছর কাজ করতে পারেননি তিনি। বর্তমানে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
জরিপে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী। শহরাঞ্চলে প্রতি লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৬ দশমিক ৫৬, গ্রামাঞ্চলে এ হার ১৩ দশমিক ৮১।
কেন এত দুর্ঘটনা
বিভিন্ন গবেষণা ও সরকারি প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া ও বিপজ্জনকভাবে ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, চালকের অদক্ষতা, ক্লান্তি এবং গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার।
এ ছাড়া ফিটনেসবিহীন যানবাহন, ব্রেকের ত্রুটি, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, মহাসড়কে ধীরগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহার দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
সড়কের নকশাগত ত্রুটি, বিপজ্জনক বাঁক, পর্যাপ্ত সড়কবাতি ও সংকেতের অভাব, নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে অনীহাও দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার অন্যতম কারণ।
পরিকল্পনা ও আইনের প্রয়োগে ঘাটতি
জাতিসংঘ ২০২১ থেকে ২০৩০ সালকে ‘নিরাপদ সড়ক দশক’ ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সরকারও সড়ক নিরাপত্তা জোরদার, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের উদ্যোগের কথা জানিয়েছে। ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়ে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। প্রয়োজন তথ্য-উপাত্তভিত্তিক পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং আইন প্রয়োগে কঠোরতা।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ সামছুল হকের মতে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে সমস্যার গোড়ায় হাত দিতে হবে। যানবাহনের ফিটনেস, রুট পারমিট ও চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যথাযথ করার পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দুর্গাপূজার ছুটির কারণে দিবসটির আনুষ্ঠানিক আয়োজন ২৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের এই ভয়াবহ চিত্র বলছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং আইনের কঠোর প্রয়োগ।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!