নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ প্রতিনিধি: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় তাঁদের সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় বলেন, ‘এ দেশ আমাদের সবার। সবাই মিলেই এ দেশের উন্নয়নে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘যাঁরা ভোট দিয়েছেন, তাঁরাও আমাদের; যাঁরা ভোট দেননি, তাঁরাও আমাদের। আমরা সবার জনপ্রতিনিধি।’ জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে আফরোজা খানম বলেন, বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির এই বন্ধন অক্ষুণ্ন রাখতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!