নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির আর্থিক প্রতিবেদনে আনরিয়েলাইজড লোকসানের অঙ্কে অসংগতির অভিযোগ উঠেছে। একই অর্থবছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন অঙ্ক উল্লেখ করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ১৩৯ কোটি ৪৫ লাখ টাকার ভ্যাট দাবির বিষয়টিও আলোচনায় এসেছে। তবে ভ্যাট-সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে আনরিয়েলাইজড লোকসানের অঙ্ক তিন জায়গায় তিনভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের ফিন্যান্সিয়াল পজিশনের সাত নম্বর নোটে এ লোকসান দেখানো হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৭১ টাকা। শেয়ারহোল্ডারদের ইক্যুইটি অংশে উল্লেখ করা হয়েছে ১৩ কোটি ৭ লাখ ১৫ হাজার ৬১১ টাকা। আর প্রফিট অ্যান্ড লস অংশে দেখানো হয়েছে ২ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৭৬৫ টাকা।
একই বিষয় নিয়ে আর্থিক প্রতিবেদনে এমন পার্থক্য কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহেদ ইমরান বলেন, আর্থিক প্রতিবেদনের বিভিন্ন জায়গায় আনরিয়েলাইজড লোকসানের অঙ্ক ভিন্ন হওয়ার বিষয়টি তিনিও বুঝতে পারেননি। এ বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।
হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেডের ইনচার্জ মো. জামাল হোসেন বলেন, আর্থিক প্রতিবেদনে একই ধরনের লোকসানের অঙ্কে এমন পার্থক্য থাকার কথা নয়। তাঁর মতে, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে কোম্পানি সচিব লরেন্স শ্যামল মল্লিক লিখিত বক্তব্যে জানান, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উল্লেখ করা হয়েছে। তাই এ বিষয়ে তিনি আলাদা করে কিছু বলতে পারবেন না।
রিয়েলাইজড লোকসান বেড়েছে ১ হাজার ৮৯ শতাংশ
কোম্পানিসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে নাভানা ফার্মাসিউটিক্যালসের রিয়েলাইজড লোকসান হয়েছে ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা। আগের অর্থবছরে এ লোকসানের পরিমাণ ছিল ৮ লাখ ৭৯ হাজার ৭৬৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রিয়েলাইজড লোকসান বেড়েছে ৯৫ লাখ ৭৭ হাজার ৩৮২ টাকা বা প্রায় ১ হাজার ৮৯ শতাংশ।
তবে এ বিষয়ে কোম্পানি সচিব লরেন্স শ্যামল মল্লিক দাবি করেন, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির কোনো লোকসান হয়নি; বরং ৫৮ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা হয়েছে।
রিয়েলাইজড লোকসানের সঙ্গে কোম্পানির মুনাফার তুলনা করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়েলাইজড লোকসান বলতে কী বোঝায়, তা তিনি বুঝতে পারেন না।
১৩৯ কোটি টাকার ভ্যাট দাবি
নাভানা ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে ভ্যাট-সংক্রান্ত দাবির বিষয়টিও উঠে এসেছে নিরীক্ষকের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১২ মে ভ্যাট কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা দাবি করে কারণ দর্শানোর নোটিশ দেয়। এর জবাবে একই বছরের ২৫ মে কোম্পানিটি ভ্যাট কর্তৃপক্ষের দাবি খণ্ডন করে এবং নিরীক্ষায় চিহ্নিত বিষয়গুলোতে নিজেদের অবস্থান তুলে ধরে।
পরে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে আবেদন করে দাবিকৃত অর্থের প্রকৃত পরিমাণ পুনরায় পর্যালোচনার অনুরোধ জানায় কোম্পানিটি। এ বিষয়ে ২০২৫ সালের ১১ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল।
কোম্পানি সচিব লরেন্স শ্যামল মল্লিক বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের নেতা মো. সাজ্জাদুল হক বলেন, কোম্পানিটি ভ্যাট ফাঁকি দিয়ে থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
সংগঠনটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, নাভানা ফার্মাসিউটিক্যালসের আর্থিক প্রতিবেদনে গরমিলের অভিযোগ কমিশনের খতিয়ে দেখা উচিত।
মুনাফা বাড়লেও কমেছে সিএসআর বরাদ্দ
কোম্পানিসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মুনাফা বাড়লেও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে বরাদ্দ ৭ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা কমিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস।
সিএসআর খাতের অর্থ সাধারণত সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হয়। ফলে মুনাফা বৃদ্ধি সত্ত্বেও এ খাতে বরাদ্দ কমানোর বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
কোম্পানির শেয়ার ও মালিকানা
প্রতিবেদন অনুযায়ী, নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিশোধিত মূলধন ১০৭ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৬২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা ১১ দশমিক ১১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ১৯ দশমিক ৬৩ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ শেয়ার।
প্রতিবেদনটি লেখার সময় কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ১০ পয়সা।
আর্থিক প্রতিবেদনে উল্লিখিত অঙ্কের পার্থক্য, রিয়েলাইজড লোকসান নিয়ে প্রশ্ন এবং ভ্যাট-সংক্রান্ত দাবির বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা ও কোম্পানির বিস্তারিত ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!