নিজস্ব প্রতিবেদক:নারীদের আর্থিক সেবার আওতায় আনা এবং বিদ্যমান আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা’।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনএফআইএস এডভোকেসি ইউনিটের (এনএইউ) উদ্যোগে শনিবার খুলনা জেলার একটি উপজেলায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নারীদের বিভিন্ন আর্থিক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং আর্থিক সেবার আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং বাংলাদেশ ব্যাংক, খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল। এনএইউয়ের পরিচালক শাহানা ফেরদৌসী কর্মশালাটি সঞ্চালনা করেন।
আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হাসান হাওলাদার এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির একজন পরিচালক নারীদের আর্থিক সেবার বর্তমান চিত্র, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।
বক্তারা নারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা, ই-কমার্স ও অনলাইন ব্যবসার সুযোগ বৃদ্ধি, আর্থিক সাক্ষরতা এবং সহজে আর্থিক সেবা পাওয়ার নিশ্চয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
কর্মশালায় সুবিধাবঞ্চিত ও স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অংশগ্রহণকারীদের সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতারও।
এদিকে কর্মশালা প্রাঙ্গণে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ও ক্ষুদ্রঋণ সংস্থার ১০টি আর্থিক সেবা বুথ স্থাপন করা হয়। এসব বুথে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন আর্থিক সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। ডেপুটি গভর্নর কয়েকটি বুথ পরিদর্শন করে নারীদের আর্থিক সেবা গ্রহণের বিষয়ে খোঁজ নেন।
কর্মশালায় ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, এমএফএস, ক্ষুদ্রঋণ সংস্থা ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১২০ জন অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জাতীয় স্বার্থে কর্মশালার বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!