নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় এলএনজি স্থানান্তর কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের গ্যাস সরবরাহে বড় ধাক্কা লেগেছে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জাহাজ-থেকে-জাহাজ (এসটিএস) এলএনজি স্থানান্তরের দুই দফা চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে জাতীয় গ্রিডে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ নেমে আসে প্রায় ৫৯৩ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি)। ফলে মোট গ্যাস সরবরাহ দাঁড়ায় প্রায় ২ হাজার ২১২ এমএমসিএফডি। অথচ ২১ সেপ্টেম্বরও মোট সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৫৯১ এমএমসিএফডি।
সোমবার থেকেই গ্যাস সরবরাহ কমতে শুরু করে। বঙ্গোপসাগরে বাতাস ও ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় এলএনজি ক্যারিয়ার থেকে সামিটের ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) নিরাপদে এলএনজি স্থানান্তর করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ মূল্যায়নে আবহাওয়া পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এলএনজি ক্যারিয়ার ‘LNGC Pacific Success’-এর মুরিং স্থগিত করা হয়।
কর্মকর্তারা জানান, ওই এলাকায় দক্ষিণ-পূর্ব দিক থেকে বিউফোর্ট স্কেল ৬–৭ মাত্রার বাতাস প্রবাহিত হচ্ছিল। দমকা বাতাসের গতি উঠেছিল ঘণ্টায় প্রায় ৩২ নট পর্যন্ত। একই সময়ে ঢেউ ও স্ফীতির উচ্চতা ছিল প্রায় ৩ থেকে সাড়ে ৩ মিটার। পূর্বাভাসে দমকা বাতাসের গতি ৩৯ নট পর্যন্ত ওঠার আশঙ্কা করা হয়েছিল।
এ অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টা ২৪ মিনিটে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন হার শূন্যে নেমে আসে।
পেট্রোবাংলার অপারেশনস বিভাগের পরিচালক মো. শোয়েব গ্রীন নিউজ২৪-কে বলেন, সামিট এলএনজি টার্মিনালে জাহাজ-থেকে-জাহাজ এলএনজি স্থানান্তরের জন্য দুই দফা সংযোগের চেষ্টা করা হলেও বঙ্গোপসাগরে বাতাসের গতি বেশি থাকায় নিরাপদভাবে জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি।
তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে শুক্রবার সকালে আবারও এলএনজি স্থানান্তরের চেষ্টা করা হবে।
বর্তমানে পানামার পতাকাবাহী এলএনজি ক্যারিয়ার ‘Pacific Success’ আবহাওয়া পরিস্থিতির উন্নতির অপেক্ষায় নিরাপদ নোঙর এলাকায় রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে টার্মিনাল কর্তৃপক্ষ নতুন করে এসটিএস অপারেশনের পরিকল্পনা করবে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, সাময়িক এই সংকটের মূল কারণ বৈরী আবহাওয়া। আবহাওয়া অনুকূলে এসে এলএনজি স্থানান্তর শুরু হলে রিগ্যাসিফিকেশন কার্যক্রমও স্বাভাবিক হওয়ার কথা। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহও ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে এলএনজি সরবরাহে এই সাময়িক বিঘ্নও দেশের জ্বালানি ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি করেছে। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সার কারখানা ও অন্যান্য গ্রাহকের চাহিদা মেটাতে আমদানি করা এলএনজির ওপর বাংলাদেশের নির্ভরতা ক্রমেই বাড়ছে।
ফলে এলএনজি খালাস, স্থানান্তর কিংবা রিগ্যাসিফিকেশন কার্যক্রমে সামান্য বিঘ্নও জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে সরাসরি প্রভাব ফেলছে। বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় দুই দফা এলএনজি স্থানান্তর ব্যর্থ হওয়ায় এবারও তারই প্রভাব পড়েছে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!