নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম, রফতানি বৈচিত্র্যে জোর
বাংলাদেশের তৈরি পোশাকের জাপানি বাজার সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘বিজিএমইএ জাপান ডেস্ক’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ডেস্কটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ জানিয়েছে, জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে নতুন এই ডেস্ক। এর মাধ্যমে জাপানে তৈরি পোশাক রফতানি সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনায় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, নতুন এই ডেস্ক বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রফতানি বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নির্দিষ্ট কয়েকটি খাত ও প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। তার মতে, বাংলাদেশের তৈরি পোশাকের জন্য জাপানের বাজার অত্যন্ত সম্ভাবনাময়। তবে সেখানে রফতানি বাড়াতে স্বল্প সময়ে পণ্য সরবরাহ বা লিড টাইম মোকাবিলা বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) ও জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান জাপানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশি উদ্যোক্তা, বিশেষ করে মার্কেটিং ও মার্চেন্ডাইজিং কর্মকর্তাদের ভ্রমণ ভিসা সহজ করার বিষয়টি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
এর আগে জাপানের বাজারে পোশাক রফতানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বর্তমান বোর্ডের উদ্যোগে প্রায় এক বছর আগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান এবং কো-অর্ডিনেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে জেট্রো ঢাকা, ঢাকা শো-কু-কাই (JCIAD), টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু কর্পোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ, কমপ্লায়েন্স ও শিল্পের অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি জাপানি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষে ইন্টার্যাকটিভ প্রশ্নোত্তর ও নেটওয়ার্কিং সেশনে জাপানি বিনিয়োগ, পোশাক রফতানি এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জাপানের বাজার ধরতে বিজিএমইএতে ‘জাপান ডেস্ক
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!