নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ-ভারত বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মি. দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি তথা আমদানি আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গভর্নর।
এ সময় বাংলা কিউআরের ব্যবহার আরও বিস্তৃত করা এবং বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বৈঠকে ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার মি. পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) মি. গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!