নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাত ৭টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে।
ডিসি জানান, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে। তবে ঠিক কখন ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুন ও গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়।
মরিয়মের মৃত্যুর কারণ এবং ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ফরেনসিক ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সাতক্ষীরা-৪ এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!