পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে তামাক ও নেশাজাতীয় উদ্ভিদের চাষ বন্ধের পাশাপাশি কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের আধুনিক চাষ সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি দুর্গম পাহাড়ি এলাকার কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পার্বত্য মন্ত্রী বলেন, এআই ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির যুগে পাহাড়ের কৃষিকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের উৎপাদন বাড়িয়ে পার্বত্য চট্টগ্রাম জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্য মন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি ও সমতলের কৃষকদের ভাগ্য পরিবর্তন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দুই মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
পাহাড়ে তামাক-নেশাজাতীয় চাষ বন্ধ, আধুনিক কৃষিতে জোর—কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!