রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

গ্যাস-খরচের চাপে পোশাক খাত, নতুন বাজারে চোখ বিজিএমইএর

গ্যাস-খরচের চাপে পোশাক খাত, নতুন বাজারে চোখ বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক : বাটেক্সপো ফিরছে ১২ বছর পর | AI, MMF ও উচ্চমূল্যের পণ্যে বড় বাজি | ৫ বছরের নীতি সহায়তা চায় বিজিএমইএ
উৎপাদন খরচ বাড়ছে, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে কারখানা, আর বৈশ্বিক বাজারেও কমছে ক্রেতাদের সক্ষমতা। এমন বাস্তবতায় প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাজার, উচ্চমূল্যের পণ্য ও প্রযুক্তিনির্ভর উৎপাদনের দিকে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার ঢাকায় বিজিএমইএ সভাকক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, শুধু রপ্তানির পরিমাণ বাড়ানো নয়, এখন বাংলাদেশের পোশাকশিল্পের লক্ষ্য ভ্যালু-অ্যাডেড পণ্য, কৃত্রিম তন্তু (MMF), স্পোর্টসওয়্যার, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে অবস্থান শক্ত করা।
এর অংশ হিসেবে দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিরছে বাটেক্সপো ২০২৬। গ্লোবাল অ্যাপারেল এক্সপো, অ্যাপারেল সামিট, AI ও ইনোভেশন হাব, সাসটেইনেবিলিটি এক্সপোজিশন এবং ফ্যাশন রানওয়ের মতো আয়োজন থাকবে এবারের মেগা ইভেন্টে।
এর আগে ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো ২০২৬’। বাংলাদেশি প্রস্তুতকারকদের সঙ্গে নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড, ক্রেতা ও বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগ তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
রপ্তানি বাড়লেও স্বস্তি নেই
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১২ শতাংশ। তবে বিজিএমইএর ব্যাখ্যা, আগস্টে ১৩ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি মূলত আগের বছরের তুলনামূলক কম রপ্তানির ভিত্তির কারণে। গত তিন বছরের তুলনায় ব্যবসার প্রকৃত সম্প্রসারণ খুব বেশি হয়নি; বরং উৎপাদন ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।
সংগঠনটির ভাষ্য, যুদ্ধ, আন্তর্জাতিক লজিস্টিকস অনিশ্চয়তা, বৈশ্বিক মূল্যস্ফীতি ও প্রধান বাজারগুলোতে ক্রয়ক্ষমতা কমে যাওয়ার চাপ বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রভাব ফেলছে।
গ্যাস সংকটের স্থায়ী সমাধান দাবি
গ্যাসের চাপ কমে ডাইং, ওয়াশিংসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে বিজিএমইএ বলেছে, শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরানোর সাম্প্রতিক সিদ্ধান্তে স্বস্তি মিলেছে। তবে এটিকে স্থায়ী করতে দ্রুত আরও দুটি FSRU, স্থলভিত্তিক LNG স্টোরেজ টার্মিনাল এবং অফশোর গ্যাস অনুসন্ধান জোরদারের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে এসএমই কারখানায় গ্যাস সংযোগে অগ্রাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে কম সুদের ‘গ্রিন লোন’ চেয়েছে সংগঠনটি।
এলডিসি উত্তরণে দীর্ঘমেয়াদি সুরক্ষা চায় পোশাক খাত
এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিএমইএ বলেছে, উত্তরণ-পরবর্তী ধাক্কা সামলাতে রপ্তানি খাতে অন্তত পাঁচ বছরের বিশেষ নীতি সহায়তা প্রয়োজন।
কোম্পানি ও কাস্টমস আইন আধুনিকায়ন, দ্রুত এফটিএ-ইপিএ চুক্তি এবং শুল্ক-কর কাঠামোর ধারাবাহিকতার দাবিও জানানো হয়েছে।
জাপানে নতুন দরজা খোলার চেষ্টা
নতুন বাজারের তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে জাপান। বাংলাদেশি প্রস্তুতকারক ও জাপানি ব্র্যান্ডের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে বিজিএমইএ কার্যালয়ে চালু হয়েছে ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানানো হয়।
এদিকে বাংলাদেশকে কমমূল্যের পোশাক উৎপাদক থেকে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর আধুনিক পোশাকশিল্পের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেও একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনের শেষে বাটেক্সপো ২০২৬-এর লোগো উন্মোচন করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাটেক্সপো ফিরছে ১২ বছর পর, উচ্চমূল্...
পরবর্তী সংবাদডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ