নিজস্ব প্রতিবেদক :নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের এবারের সফরের মূল উদ্দেশ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এর আগে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার পর আবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন বিএনপির এই নেতা।
গত মার্চে অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যান তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছে বিএনপি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!