রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

গ্যাস সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত, জ্বালানি কিনতে অনুমতি চায় বিজিএমইএ

গ্যাস সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত, জ্বালানি কিনতে অনুমতি চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক:গ্যাসের তীব্র সংকটে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও গ্যাসের চাপ নেমে এসেছে এক থেকে দুই পিএসআইতে, আবার কোনো কোনো কারখানায় চাপ প্রায় শূন্যের কাছাকাছি। এতে বয়লার ও উৎপাদনযন্ত্র চালানো কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য উৎপাদন ও জাহাজীকরণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে উৎপাদন সচল রাখতে বেসরকারি খাত থেকে এলপিজি ও সিএনজি কেনা, শিল্পকারখানায় ব্যবহার এবং নিরাপদ পরিবহনের অনুমতি বা প্রয়োজনীয় ছাড়পত্র চেয়েছে তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

📢 বিজ্ঞাপন In-Article Ad

গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানায় সংগঠনটি। চিঠিতে বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) জানান, তিতাস ও জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ ও চাপ ব্যাপকভাবে কমে যাওয়ায় ইন্টারস্টফ গ্রুপের অধীন কয়েকটি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মক সংকটে পড়েছে।

গ্যাস সংকটের কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের অর্ডার করা পণ্য উৎপাদন ও শিপমেন্ট করা সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতাদের অর্ডার ধরে রাখতে উদ্যোক্তাদের অতিরিক্ত এয়ার ফ্রেইট ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে অর্ডার বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।

বিজিএমইএর চিঠিতে বলা হয়, এ পরিস্থিতির প্রভাব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকার ওপরও পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ দেওয়া প্রয়োজন।

শিল্পাঞ্চলে গ্যাসের চাপ ১–২ পিএসআই

একই দিনে জ্বালানি মন্ত্রীর কাছে পাঠানো আরেক চিঠিতে শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার জন্য অবৈধ বুস্টার ব্যবহারের বিষয়টি তুলে ধরে বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানান, গাজীপুরের চান্দোরা, পূর্ব চান্দোরা, শফিপুর, কাশিমপুর, কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা ও সদর এলাকা ছাড়াও আশুলিয়া, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জের শিল্পকারখানাগুলোয় গ্যাসের সরবরাহ অপ্রতুল।

শিল্পকারখানার বয়লার চালাতে প্রায় ১৫ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন হলেও অনেক কারখানায় তা কমে এক থেকে দুই পিএসআইতে নেমে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে চাপ প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছেছে। এতে উৎপাদন ধীর হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অবৈধ বুস্টারে আশপাশের কারখানায়ও চাপ কমে

বিজিএমইএর অভিযোগ, কিছু কারখানা গ্যাসের চাপ বাড়াতে অবৈধ বুস্টার ব্যবহার করছে। একটি কারখানা বুস্টারের মাধ্যমে পাইপলাইন থেকে অতিরিক্ত গ্যাস টেনে নিলে আশপাশের শিল্পকারখানাগুলোয় গ্যাসের চাপ আরও কমে যায়। এতে একই শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা প্রয়োজনীয় গ্যাস থেকে বঞ্চিত হয়।

এ কারণে শিল্পাঞ্চলে অবৈধ বুস্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রতিদিন ৪৫টি অভিযান: তিতাস

অবৈধ বুস্টার ব্যবহারের অভিযোগের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ বলেন, বুস্টার ব্যবহার আইনত অবৈধ। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ বুস্টার ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়সহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আবাসিক এলাকাতেও ছোট ছোট বুস্টার ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। লাখ লাখ গ্রাহকের মধ্যে কোথায় বুস্টার ব্যবহার হচ্ছে, তা শনাক্ত করা কঠিন হলেও নিয়মিত ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় প্রতিদিন ৪৫টি অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি তিতাসের নিজস্ব কর্মীরাও অভিযান চালাচ্ছেন।

সিএনজি থেকে গ্যাস নিয়ে শিল্পে ব্যবহারের সুযোগ নেই

বিজিএমইএ বেসরকারি খাত থেকে এলপিজি ও সিএনজি কেনা এবং শিল্পকারখানায় ব্যবহারের অনুমতি চাওয়ার বিষয়ে তিতাসের এমডি বলেন, বর্তমান গ্যাস বিপণন নীতিমালা বা আইনে সিএনজি থেকে গ্যাস নিয়ে অন্য খাতে ব্যবহারের বিধান নেই।

তাই সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে অন্য কোথাও ব্যবহার করার অনুমতি দেওয়ার সুযোগ নেই। তবে জ্বালানি বিভাগ বা নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

গ্যাস সংকটে রপ্তানি প্রতিযোগিতা ঝুঁকিতে

ব্যবসায়ীদের মতে, বর্তমান গ্যাস সংকট শুধু কারখানার উৎপাদন ব্যাহত করছে না, সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতার ওপরও। নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য উৎপাদন করতে না পারায় বাধ্য হয়ে এয়ার শিপমেন্ট করতে হচ্ছে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ছে।

দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সরবরাহ সক্ষমতা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। পাশাপাশি অর্ডার বাতিলের ঝুঁকি বাড়বে এবং এর প্রভাব পড়তে পারে রপ্তানি আয় ও কর্মসংস্থানে।

জ্বালানি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সবকিছুর মূলে রয়েছে শিল্পকারখানাগুলোর চাহিদা অনুযায়ী গ্যাসের জোগান নিশ্চিত করতে না পারা। ব্যবসায়ীদের সংগঠন থেকে পাওয়া দুটি চিঠির মূল বিষয়ও একই।

তিনি জানান, বিজিএমইএর চিঠি দুটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

শিল্প উদ্যোক্তাদের দাবি, স্বল্পমেয়াদে বৈধভাবে বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি পাইপলাইন গ্যাসের সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে। এতে উৎপাদন সচল রাখার পাশাপাশি রপ্তানি আদেশ, বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঅবৈধ গ্যাস বুস্টার বিক্রির অভিযোগে ...
পরবর্তী সংবাদডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ