বাংলাদেশে পেমেন্ট সিস্টেম ও এআই ল্যাব স্থাপনে গুগলের আগ্রহ
বাংলাদেশে সেবা সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট সিস্টেম চালু ও অবকাঠামো তৈরির বিষয়ে গুগলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যান মো. এমদাদ উল বারীর সঙ্গে সাক্ষাৎ করেন গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনার।সাক্ষাতে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অফিস স্থাপন, পেমেন্ট ব্যবস্থা চালু, এআই ল্যাব স্থাপন এবং বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।
বিটিআরসির পক্ষ থেকে দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে গুগলের বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও জানতে চাওয়া হয়। জবাবে গুগল প্রতিনিধি এসব ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার সুযোগ পর্যালোচনার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় গুগল প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। একই সঙ্গে বেটিং, জুয়া ও অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন কাইল গার্ডনার। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশে পেমেন্ট সিস্টেম ও এআই ল্যাব স্থাপনে গুগলের আগ্রহ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!