ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ নয়—জনগণকে সঙ্গে নিয়ে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে—সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনগণকে আরও সচেতন করতে হবে।ডেঙ্গু প্রতিরোধের এই কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশও দেন সরকারপ্রধান। স্থানীয় পর্যায়ে জনগণকে যুক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর ওপর জোর দেন তিনি।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়টিও আলোচনায় আসে। এতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে।ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দিয়ে তিনি বলেন—‘মাঠে এর প্রতিফলন থাকতে হবে।’অর্থাৎ, সভার সিদ্ধান্ত কাগজে-কলমে নয়; ডেঙ্গু প্রতিরোধে এর বাস্তব প্রভাব দেখতে চান সরকারপ্রধান।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!