নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ বা সংকটকালীন সময়ে নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা ও পর্যাপ্ত মজুদ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে কি না, খাদ্যের গুণগত মান ঠিক আছে কি না এবং দুর্যোগের সময় মানুষের কাছে খাদ্য পৌঁছানো সম্ভব হবে কি না—এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই-একজনের অনিয়মের কারণে পুরো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না।
দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদাম ও অবকাঠামোর দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। বিশেষ করে মানিকগঞ্জের সাটুরিয়া খাদ্য গুদামের জরাজীর্ণ অবস্থাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিদর্শক, ওসি-এলএসডিসহ কর্মকর্তাদের কাজের মান, খাদ্য মজুদের পরিমাণ ও গুণগত মান এবং স্থানীয় মানুষের সন্তুষ্টির বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্যায়ন করা যেতে পারে। ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে যথাযথ তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকৃত দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।
খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম সরেজমিনে দেখতে তিনি নিয়মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং প্রয়োজন হলে অধিদপ্তরে এসে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করবেন।
সভায় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। খাদ্য অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!