নিজস্ব প্রতিবেদক:জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ ও নেপাল একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
রোববার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ঘনশ্যাম ভান্ডারি। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বন ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল জলবায়ু পরিবর্তনের ভিন্ন ধরনের ঝুঁকির মুখোমুখি হলেও দুই দেশের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। হিমালয়ের বরফ ও হিমবাহের পরিবর্তন, নদী অববাহিকার পরিবেশগত ভারসাম্য, অতিবৃষ্টি ও বন্যার মতো জলবায়ুজনিত দুর্যোগের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
আসন্ন কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেপালের রাষ্ট্রদূত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় নেপালে সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। সংকটের সময়ে বাংলাদেশ নেপালের সরকার ও জনগণের পাশে রয়েছে বলেও জানান মন্ত্রী।
নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব বাড়ানোর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সবুজ ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ-নেপাল একসঙ্গে কাজ করবে
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!