নিজস্ব প্রতিবেদক
দেশের উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ (UDYOG): উপজেলা-ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, যাচাইকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত প্রত্যেক তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই অর্থায়নের অর্ধেক হবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান। ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই অর্থায়নের জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না।
ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও আবেদন
কর্মসূচির আওতায় আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
তবে আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত একটি ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা কিংবা প্রযুক্তিভিত্তিক—সব ধরনের বৈধ উদ্যোগকে বিবেচনায় নেওয়া হবে। আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে, সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমের মাধ্যমে।
শুরু হচ্ছে ৮ জেলার ৬৪ উপজেলায়
প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৮ জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
আবেদন শুরু হবে ১৬ সেপ্টেম্বরের পর
কর্মসূচির বিস্তারিত বাস্তবায়ন নির্দেশনাসংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করার কথা রয়েছে। সার্কুলার জারির পরবর্তী এক মাস আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।
শুধু অর্থায়ন নয়, প্রশিক্ষণও
‘উদ্যোগ’ কর্মসূচিতে শুধু অর্থায়নেই সীমাবদ্ধ থাকছে না বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারসংযোগের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ সফলভাবে গড়ে উঠলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। কারণ একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
এর মাধ্যমে উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে মূলধন, প্রশিক্ষণ ও বাজারসংযোগের সহায়তা দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘উদ্যোগ’ কর্মসূচি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!