ঢাকা, ৩০ আগস্ট ২০২৬:
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। গুমের সঙ্গে জড়িত অপরাধীরা যতই ক্ষমতাবান হোক, তাদের আইনের মুখোমুখি করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘গুম কোনো সাধারণ অপরাধ নয়। এটি মানবতাবিরোধী অপরাধ।’ গুমের মাধ্যমে শুধু একজন মানুষকে নয়, তার পরিবারের হাসি, শান্তি, স্বপ্ন ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তাকেও কেড়ে নেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।
বিগত দেড় দশকে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ভিন্নমত প্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকারীদের স্তব্ধ করে দিতে তুলে নিয়ে যাওয়া, গুম ও গোপনে হত্যার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এসব অপরাধ অস্বীকার করে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাষণে বিএনপি নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুমের প্রসঙ্গ উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তাদের মধ্যে কেউ কেউ ফিরে এলেও এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কমিশন ১ হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে গুমের ঘটনা বেড়ে যাওয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের বেছে বেছে জোরপূর্বক গুম ও গোপনে হত্যার চিত্র কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত রাখতেই দলীয় ও ব্যক্তি স্বার্থে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি জানান, গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা এবং গুমকে চিরতরে নিষিদ্ধ করতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে বলেও জানান তিনি।
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু অপরাধীদের শাস্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। বছরের পর বছর অনিশ্চয়তা, আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণা বহন করা পরিবারগুলোর মর্যাদা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে—কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। মতপ্রকাশের স্বাধীনতা থাকবে—কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না।’
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রের ক্ষমতার ওপর সংবিধান ও আইনের নিয়ন্ত্রণ থাকতে হবে। একটি দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না; নাগরিক কতটা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক জীবনযাপন করছে, সেটিই রাষ্ট্রের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
ভাষণের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না।’
তিনি গুম ও বিচারহীনতার অন্ধকার পেরিয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’: রাষ্ট্রপতি
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!