হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের অভিনব কৌশল ধরা পড়েছে। এবার শুধু রেক্টামে লুকিয়ে নয়, অন্তর্বাসের কাপড়ে স্বর্ণসদৃশ পেস্ট মেখেও পাচারের চেষ্টা করেছেন এক যাত্রী। দুবাইফেরত ওই যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর তাঁর রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ ছাড়া যাত্রীর পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

তবে উদ্ধার করা এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও নেপথ্যের হোতাদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!