পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ২ হাজার ৭০০ কেজি ক্ষতিকর জেলি, ২০০ লিটার তেল ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিকসহ দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে কারখানার মালিক আবুল বাশারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন কারখানার মালিক মো. আবুল বাশার ও তাঁর সহযোগী মো. সবুজ। ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। অন্যদিকে সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির ভেতরে ৩৬ ড্রামে মজুত করা প্রায় ২ হাজার ৭০০ কেজি জেলি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার ক্ষতিকর তেল এবং ৩২০ লিটার তৈরি ভেজাল দুধ উদ্ধার করা হয়। জব্দ করা এসব উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ইউএনও সুরাইয়া মমতাজ জানান, দুধের মতো অপরিহার্য খাদ্যে ক্ষতিকর জেলি ও রাসায়নিক মিশিয়ে বাজারজাত করা গুরুতর অপরাধ। অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করা হয়েছে এবং জড়িতদের সাজা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!