তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেনের কাছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের উদ্দেশে লেখা শুভেচ্ছাবাণী হস্তান্তর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল উপস্থিত হয়ে তুরস্কের সরকার ও জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ সময় উপস্থিত ছিলেন এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
শুভেচ্ছাবাণীতে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের সরকার ও জনগণকে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আশা প্রকাশ করে, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!