রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মেট্রোরেলের দুই নতুন রুটে চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

মেট্রোরেলের দুই নতুন রুটে চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর স্থাপনা, উড়াল রেলপথ ও স্টেশন নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প দুটির অবকাঠামো উন্নয়নে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) কবির আহমদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। এ ছাড়া জাপান দূতাবাস, জাইকা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, এমআরটি লাইন-১-এর ডিপো নির্মাণ প্যাকেজে ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড ও অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ মোট ৪৯টি স্থাপনা নির্মাণ করা হবে। কাজটি করবে ‘SINOHYDRO-SEBCL JV’। একই লাইনের আরেকটি প্যাকেজের আওতায় পাতাল থেকে উড়ালপথে ওঠার ট্রানজিশন পয়েন্ট থেকে বালু নদীর শুরু পর্যন্ত ৫ দশমিক ০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল—এই তিনটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। এ কাজের চুক্তি হয়েছে ‘CREC-MIL-MBEC JV’-এর সঙ্গে।

অন্যদিকে, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপো নির্মাণ প্যাকেজের আওতায় প্রশাসনিক ভবন, অপারেশন কন্ট্রোল সেন্টার (OCC), ডিপো কন্ট্রোল সেন্টার (DCC), স্ট্যাবলিং ইয়ার্ড, গুদাম ও ওয়ার্কশপ শেডসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে। এ কাজের দায়িত্ব পেয়েছে ‘CPC-HANIL JV’।

এ ছাড়া লাইন-৫-এর আরেকটি প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিন বাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিন বাজার ও ভাটারা—এই পাঁচটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। এ প্যাকেজের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে ‘CREC-MIL-MBEC JV’-এর সঙ্গে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, নির্মাণকাজে নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি দীর্ঘায়িত না হয়।

নির্মাণকাজের পরিবেশগত প্রভাব এবং প্রকল্প এলাকার আশপাশে বসবাসকারী মানুষের কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে নিয়োগকারী কর্তৃপক্ষ, প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করার ওপর জোর দেন সড়ক সচিব।

সংশ্লিষ্টদের আশা, চারটি প্যাকেজের নির্মাণকাজ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর গণপরিবহন অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ আরও এগিয়ে যাবে। একই সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান যাতায়াত চাহিদা মোকাবিলা, যানজটের চাপ কমানো এবং নাগরিকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পথ সুগম হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদকম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে ৫ হাজার...
পরবর্তী সংবাদপ্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ