নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, ২৫ অক্টোবর ২০২৬: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।রোববার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি স্বর্ণালংকার বহনের কোনো ঘোষণা দেননি।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সন্দেহের ভিত্তিতে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!