নিজস্ব প্রতিবেদক: নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপিয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করতে না পারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজিতে অভিযুক্ত সংসদ সদস্যকে পদত্যাগ করিয়ে জনসমর্থন পাওয়ার চেষ্টা করা হলেও শুধু পদত্যাগের মধ্য দিয়ে অপরাধের বিচার শেষ হতে পারে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঘাটতি রয়ে গেছে এবং বৈষম্য বাড়ছে। যে আকাঙ্ক্ষা নিয়ে তরুণেরা জীবন দিয়েছেন, তার বাস্তব প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন।
জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাত মাসের বেশি সময় ধরে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনায় অধিকাংশ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সনদ বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। তবে পরবর্তী সময়ে নির্বাচন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে মতভেদ দেখা দেয়।
তিনি বলেন, জামায়াতের অবস্থান ছিল, আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এরপর সংসদ নির্বাচন আয়োজন করা। কিন্তু একই দিনে দুটি নির্বাচন বা কার্যক্রম আয়োজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিষয়গুলো একসঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংবিধান সংশোধনের উদ্যোগের বিষয়ে শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো এড়িয়ে গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। কোনো বিষয়ে সমঝোতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বিরোধী দলের আলোচনা করা উচিত। এমন প্রক্রিয়ায় এগোনো যাবে না, যাতে পরবর্তী সময়ে আইনি জটিলতায় সংস্কার উদ্যোগ ব্যর্থ হয়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত না করে বিরোধীদের বিরুদ্ধে নতুন বয়ান তৈরির চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপানোর সুযোগ নেই। সরকারের ভুলত্রুটি থাকলে তা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বক্তব্যে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়ার অভিযোগও তোলেন জামায়াত আমির। একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক প্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, এসব প্রতিরোধের দায়িত্ব সরকারের। সীমান্তের ওপার থেকে অর্থ আসা ও অস্থিরতা সৃষ্টির অভিযোগ করা হলেও তা ঠেকাতে সরকারের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।
সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার উদ্যোগের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যার কার্যকর সমাধান প্রয়োজন। দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রব্যমূল্যের চাপে ক্রেতারা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হলেও কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না।
পঞ্চগড়ে চারটি লাউ এক টাকায় বিক্রির খবর উল্লেখ করে তিনি বলেন, উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম না পেয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ রাজধানীতে একই পণ্য কম দামে পাওয়া যায় না। কৃষক ও ভোক্তার মধ্যে দামের এই ব্যবধানের কারণ খতিয়ে দেখা এবং চাঁদাবাজি বন্ধ করা জরুরি।
রাজনৈতিক অধিকার ও সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, অতীতের আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার ও সংস্কারের প্রশ্নে গুরুত্ব দিতে হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!