নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চুরি হওয়া তিনটি লাগেজের মালামালও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির অভিযোগ করেন এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল।
অভিযোগের পর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়। এ ঘটনায় ২০ অক্টোবর বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেন ফজলে রাব্বি মোঘল। মামলার এজাহারে চুরি হওয়া লাগেজগুলোতে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল বলে উল্লেখ করা হয়।
পরে বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালায় এয়ারপোর্ট এপিবিএন। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে অপরাধ, জনহয়রানি, চুরি ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!