নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: গণভোটের রায় বাস্তবায়ন না করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ এবং বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যা করত, তা এখন করছে বিএনপি।’ জনগণের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
‘গণভোটের রায় না মানা ফ্যাসিবাদের পথ’
গোলাম পরওয়ার বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় উপেক্ষা করা ফ্যাসিবাদের পথ। চাঁদাবাজি, লুটতরাজ এবং সরকারি পদে দলীয় লোক বসানোর মধ্য দিয়েও ফ্যাসিবাদী প্রবণতা প্রকাশ পায়।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার বিভিন্ন সাংবিধানিক, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। জামায়াতসহ ১১ দল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে বলেও জানান তিনি।
পিএসসি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ
সরকারের সাত মাসের কর্মকাণ্ডে সমন্বয়হীনতা এবং দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে তাঁদের পদত্যাগের কথা বলা হচ্ছে। অথচ ২০২৪ সালের আন্দোলনে শিক্ষার্থীরা দলীয়করণের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছিলেন।
জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেই
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় জামায়াতের আমির সহযোগিতা করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে জামায়াতের উদ্যোগে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করা হয়েছে।
তাঁর অভিযোগ, সরকারের বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রত্যাশিত উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন না পাওয়ার বিষয়েও তাঁদের কাছে অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।
সংবিধান সংস্কার নিয়ে বিএনপির সমালোচনা
গোলাম পরওয়ার বলেন, বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের অবস্থানে অনড় থেকে রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোনোর কারণে ভবিষ্যতে যে প্রধানমন্ত্রীই ক্ষমতায় আসুন, তাঁর হাতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও বলেন, জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় উপেক্ষা করে জনগণকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা গণতান্ত্রিক প্রত্যাশার পরিপন্থী হবে।
বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণে অসম্মানের অভিযোগ
ওসমানী উদ্যানে একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগ না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবও দেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম আমন্ত্রণপত্রে রাখা হয়েছিল। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী বিরোধীদলীয় নেতা পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী উল্লেখ করে তিনি বলেন, যথাযথ সম্মান না পাওয়ার কারণেই তিনি অনুষ্ঠানে যাননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও হাস্যকর দাবি করে নিন্দা জানান তিনি।
মাহফিল ও রাজনৈতিক কর্মসূচিতে বাধার অভিযোগ
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, আমীর হামজা এমপির ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। রাজশাহীর একটি সম্মেলন বন্ধ করে দেওয়া এবং মাদরাসার ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ার ঘটনাকেও তিনি দলীয়করণের সঙ্গে যুক্ত করেন।
তিনি বলেন, বিরোধী দলের সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়ে সরকার আওয়ামী লীগের শাসনামলের মতো আচরণ করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে জোটের অভিযোগ নাকচ
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট করার অভিযোগ নাকচ করে গোলাম পরওয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াত জাতীয় পার্টি ও বাম দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে। সেটি ছিল জনগণের দাবি আদায়ের আন্দোলন, কোনো রাজনৈতিক জোট নয়।
বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ১৯৯৬ সালে স্বচ্ছ নির্বাচনের দাবিতে জনগণ আন্দোলন করেছিল। বিএনপির সময় মাগুরার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের এমপিদের বরাদ্দ থেকে বঞ্চিত করার অভিযোগ
সরকারের বরাদ্দ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, নির্বাচিত সংসদ সদস্যদের ওপর অনির্বাচিত নারী সংসদ সদস্যদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের কথিত দুর্নীতি, দলীয়করণ ও বিরোধী দলের প্রতি বৈষম্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা সম্পর্কে ভবিষ্যতে কোনো অসত্য তথ্য জাতির সামনে তুলে না ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!