নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির সময় বাড়ানোর প্রস্তাবে জাতিসংঘের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি আশা প্রকাশ করেন, প্রস্তুতির জন্য ২০২৯ সাল পর্যন্ত সময় পাওয়া যেতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ অডিটোরিয়ামে ‘ইএসজি প্ল্যাটফর্ম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব দেশের বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিতে হবে। এ জন্য বাড়তি সময় পাওয়া গেলে তা দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দারিদ্র্যের হার দ্রুত কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এলডিসি উত্তরণে প্রস্তুতির সময় বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সম্ভাব্য বাড়তি সময় যথাযথভাবে কাজে লাগাতে জ্বালানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন, অর্থায়ন ব্যয় কমানো এবং ব্যবসার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে তৈরি পোশাক খাতের সক্ষমতা বাড়ানো এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে পোশাকশিল্পে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ড—ইএসজি (ESG) বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিজিএমইএ সভাপতি জানান, এসব মানদণ্ডকে শুধু প্রণোদনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, এলডিসি উত্তরণে প্রস্তুতির জন্য বাড়তি সময় পাওয়া গেলে তা দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, শিল্প খাতের প্রতিযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক বাজারের নতুন শর্ত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ সুযোগ কাজে লাগাতে নীতিগত সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!