নিজস্ব প্রতিবেদক:রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল ও কার্যকর সাড়াদান ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত জনবল, সুস্পষ্ট নির্দেশিকা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রস্তুতি অপরিহার্য।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অডিটোরিয়ামে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আসন্ন জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন উপলক্ষে আয়োজিত অংশীজনদের প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির আধুনিক নিরাপত্তাব্যবস্থা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও বিভিন্ন ইন্টারলক ব্যবস্থা রয়েছে। তবে শুধু প্রযুক্তিগত সুরক্ষার ওপর নির্ভর করলে চলবে না। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রশিক্ষিত জনবল এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পারমাণবিক জরুরি পরিস্থিতির সম্ভাবনা কম হলেও সম্ভাব্য প্রভাব বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখা জরুরি। বাংলাদেশের ভৌগোলিক ও পরিবেশগত বাস্তবতা, সম্ভাব্য ঝুঁকি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে জরুরি প্রস্তুতি ও সাড়াদানব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।
আগামী ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় আইএইএর ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস রিভিউ (ইপিআরইভি) মিশন প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, এ মিশনকে পরীক্ষা হিসেবে না দেখে বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন, ঘাটতি চিহ্নিতকরণ এবং আন্তর্জাতিক উত্তম চর্চা থেকে শিক্ষা গ্রহণের সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে ইতোমধ্যে সম্পন্ন স্ব-মূল্যায়ন মিশনের প্রস্তুতিতে কার্যকর দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জরুরি অবস্থায় কখন ও কীভাবে ঘোষণা দেওয়া হবে, জাতীয় পর্যায়ে কীভাবে তথ্য ও নির্দেশনা পৌঁছাবে এবং কেন্দ্রের অভ্যন্তরীণ ও বাইরের সাড়াদান কার্যক্রমের মধ্যে কীভাবে সমন্বয় হবে—এসব বিষয়ে সুস্পষ্ট ও সহজবোধ্য নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি। সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব, যোগাযোগব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় লিখিতভাবে নির্ধারণের আহ্বান জানান সচিব।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা, রোগী পরিবহন, প্রয়োজনীয় আইসোলেশন এবং দায়িত্ব বণ্টনের কার্যকর পরিকল্পনা থাকতে হবে। এ জন্য বায়েরা, সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল ও পরিবেশ অধিদপ্তরসহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিবেশ ও বিকিরণ পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বিজ্ঞান সচিব বলেন, বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশগত পরিস্থিতি ও বিকিরণমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সংগৃহীত তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বিনিময় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কেন্দ্রের কার্যক্রম শুরুর আগের ভিত্তিমাত্রার সঙ্গে পরবর্তী তথ্য তুলনা করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য যাচাই করতে হবে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও বিকিরণ সম্পর্কে জনসাধারণকে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের ঘাটতি কিংবা ভুল ব্যাখ্যা থেকে জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহজবোধ্য ভাষায় সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কার্যকর তথ্য বিনিময় নিশ্চিত করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রণীত জরুরি প্রস্তুতি ও সাড়াদানব্যবস্থা দেশের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্যও কার্যকর মডেল হতে পারে উল্লেখ করে কর্মশালায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পারমাণবিক শক্তি) আবুল খায়ের মো. আক্কাস আলী।
সভাপতির বক্তব্যে বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী পর্যন্ত প্রত্যেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ অংশীজনের উপস্থিতি বাংলাদেশের সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতার প্রতিফলন।
তিনি বলেন, কর্মশালার মূল লক্ষ্য হলো আইএইএর ইপিআরইভি মিশন সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি, স্ব-মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা এবং আসন্ন মিশন উপলক্ষে প্রত্যেকের দায়িত্ব ও করণীয় সুনির্দিষ্ট করা।
সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ আসন্ন আইএইএ মিশনে দেশের পারমাণবিক নিরাপত্তা ও জরুরি প্রস্তুতিব্যবস্থার সক্ষমতা তুলে ধরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, পাবনা ও কুষ্টিয়া জেলার স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালে আইএইএর আসন্ন ইপিআরইভি মিশন উপলক্ষে একটি বুকলেটের মোড়কও উন্মোচন করা হয়। আয়োজকদের আশা, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তুতি জোরদার, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা ও জরুরি সাড়াদান সক্ষমতা আরও উন্নত হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!