নিজস্ব প্রতিবেদক : টেকসই প্রযুক্তিতে আগ্রহ বাড়লেও ৫ মিলিয়ন ডলারের VGF তহবিল ও ৮ কারখানার প্রকল্পকে অপ্রতুল বলেছে বিজিএমইএ
পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের চলমান অর্থায়ন ও প্রকল্পের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পানি সাশ্রয়, বর্জ্যপানি পরিশোধন ও রিসাইক্লিংয়ে বড় বিনিয়োগের বিকল্প নেই।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মারা কে. ওয়ারউইকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে বিজিএমইএ’র পরিচালক ড. মো. হাসিব উদ্দিনসহ বিশ্বব্যাংকের লিড ওয়াটার স্পেশালিস্ট ডেভিড মেলকম লর্ড, সিনিয়র ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ, ওয়াটার স্পেশালিস্ট মো. মাহাদী হাসান এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট বুশরা নিশাত উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, পানি ব্যবস্থাপনা এখন শুধু পরিবেশগত বিষয় নয়; এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বাংলাদেশের পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে ইউরোপীয় ব্র্যান্ডগুলো উৎপাদন পর্যায়ে পানির ব্যবহার কমানো, বর্জ্যপানি পরিশোধন ও পানি পুনর্ব্যবহারের তথ্যকে গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ (D-Water) এবং এর আওতায় ৫ মিলিয়ন মার্কিন ডলারের VGF (Viability Gap Funding) পাইলট প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই প্রকল্পের আওতায় বিজিএমইএ’র পক্ষ থেকে ৩১টি কারখানার প্রাথমিক তালিকা দেওয়া হলেও বিশ্বব্যাংক প্রথম পর্যায়ে ৮টি কারখানা নিয়ে কাজ শুরু করবে। বিজিএমইএ বলেছে, টেকসই প্রযুক্তিতে দেশের পোশাক কারখানাগুলোর বিপুল আগ্রহ ও চাহিদার তুলনায় এই অর্থায়ন ও কারখানার সংখ্যা খুবই কম। তাই প্রকল্পের তহবিল ও পরিধি আরও বড় করার আহ্বান জানানো হয়েছে।
বিজিএমইএ নেতারা বলেন, পানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি স্থাপনে বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। অথচ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে। ফলে বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগীদের অনুদান অথবা দীর্ঘমেয়াদি, শূন্য সুদ কিংবা সহজ শর্তের অর্থায়ন প্রয়োজন।
বৈঠকে আরও বলা হয়, অনেক কারখানায় ইটিপি স্থাপনের জায়গা থাকলেও বর্জ্য নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ বা জলাশয় নেই। আবার ক্ষুদ্র ও মাঝারি কারখানার পক্ষে এককভাবে বড় বর্জ্য শোধনাগার স্থাপন করা আর্থিকভাবে কঠিন। এ সমস্যা সমাধানে স্থায়ী পাইপলাইন ব্যবস্থার পাশাপাশি লরি বা ট্যাংকারের মাধ্যমে শিল্পবর্জ্য পরিবহন এবং ক্লাস্টারভিত্তিক বর্জ্য শোধনাগার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।
এ ধরনের উদ্যোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও দ্রুত সম্প্রসারণের আহ্বান জানানো হয়।
শিল্পে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে পরিবেশগত নীতি ও সরকারি বিধিবিধান হঠাৎ পরিবর্তন না করে পর্যাপ্ত সময় ও আগাম পূর্বাভাস দেওয়ার ওপরও গুরুত্ব দেন বিজিএমইএ নেতারা। তাদের মতে, নীতির পূর্বাভাসযোগ্যতা থাকলে কারখানাগুলো দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব বিনিয়োগে আরও উৎসাহিত হবে।
বৈঠকে বিজিএমইএ’র প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবুজ রূপান্তর ত্বরান্বিত করতে লজিস্টিকস ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পোশাক খাতের পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের তহবিল বাড়ানোর আহ্বান
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!