নিজস্ব প্রতিবেদক: আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বেরিয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ
সংবাদ
ঢাকা: রিটেইল বিনিয়োগকারী নির্ভরতা কমিয়ে বাংলাদেশের পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল-বেসড এবং সম্পূর্ণ পেপারলেস করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ—আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বেরিয়ে সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার আইসিবির সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যেই আইসিবি প্রতিষ্ঠা করা হয়েছিল। সাধারণ মানুষের সঞ্চয়কে পুঁজিবাজারে এনে জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই অতিরিক্ত রিটেইল বিনিয়োগকারী নির্ভর। অথচ বিশ্বের অধিকাংশ উন্নত পুঁজিবাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নির্ভরশীল। তাই রিটেইল-বেসড বাজার থেকে ইনস্টিটিউশনাল-বেসড বাজারে রূপান্তরে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
পুঁজিবাজারের আধুনিকায়নে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও আইসিবিসহ বাজারের প্রতিটি স্তরে ডিজিটাল ব্যবস্থা চালুর কথা জানিয়ে তিনি বলেন, ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতি বাস্তবায়ন করতে হবে। লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার নির্দেশনাও দেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বৈশ্বিক পুঁজি আকর্ষণের পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
আইসিবি তার অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটেইলনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!