নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ-সংঘাত নিরসনে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। এতে দেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে। তাই এর সমাধানও সেখানেই নিহিত। নিরাপদে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সহযোগিতা চান তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারের পক্ষে বাংলাদেশ
ভাষণে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বিশ্বে সংঘাত ও যুদ্ধের কারণে বিপুল মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, মানবিক সংকট বাড়ছে এবং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়ছে। এসব সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তায় COP31-এ আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লিন ও সৌর জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বন্যা-খরা মোকাবিলায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে।
বাংলাদেশ মেরামতে ৩-আর কৌশল
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে মেরামতে সরকার Recovery, Restoration and Reconstruction—‘৩-আর’ কৌশল অনুসরণ করছে।
তিনি জানান, কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের স্টার্টআপ উদ্যোগে সহায়তার জন্য চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান তিনি।
নারী ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্ব
নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরে তারেক রহমান বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ
শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যের কথাও জানান তিনি।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ, ইউনিফর্ম ও বিনামূল্যে দুপুরের খাবার দেওয়ার পাশাপাশি শিক্ষাক্রমে প্রথমবারের মতো খেলাধুলাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার কথা তুলে ধরেন তিনি। গত জুনে আয়োজিত দেশব্যাপী ফুটবল টুর্নামেন্টে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয় বলেও জানান প্রধানমন্ত্রী।
‘ডিজিটাল বিভাজন যেন এআই বিভাজনে পরিণত না হয়’
কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আজকের ডিজিটাল বিভাজন যেন আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভাজনে পরিণত না হয়। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারে জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নেরও দাবি জানান।
এলডিসি উত্তরণে ধারাবাহিক সহায়তা চান
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া টেকসই করতে নিশ্চিত অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমৃদ্ধি অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’
ভাষণের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
তিনি এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে তরুণরা নির্ভয়ে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং প্রতিটি শিশু নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।
প্রধানমন্ত্রীর ভাষায়, “সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ।”
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!