রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও খাতুনগঞ্জে বাড়তি দামে বিক্রি

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও খাতুনগঞ্জে বাড়তি দামে বিক্রি

 নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের দাম কমলেও এর প্রভাব পড়ছে না দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। বরং সরবরাহ ঘাটতির কথা বলে সেখানে দুই ধরনের ভোজ্যতেলের দামই বেড়েছে। গত দেড় মাসে পাইকারি বাজারে মণপ্রতি দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

বিশ্বব্যাংকের কমোডিটি প্রাইস ডেটা বা ‘পিংক শিট’-এর আগস্টের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিল-জুন সময়ের তুলনায় জুন-আগস্ট সময়ে আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের গড় দাম কমেছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

আগস্টে আন্তর্জাতিক বাজারে পাম তেলের গড় দাম ছিল টনপ্রতি ১ হাজার ১১৭ ডলার। জুন-আগস্ট তিন মাসে গড় দাম দাঁড়ায় ১ হাজার ১০৭ দশমিক ৩৩ ডলার। এর আগে এপ্রিল-জুনে এই গড় ছিল ১ হাজার ১২৮ দশমিক ৬৭ ডলার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে পাম তেলের গড় দাম কমেছে প্রায় ২১ দশমিক ৩৪ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ।

সয়াবিন তেলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এপ্রিল-জুন সময়ে আন্তর্জাতিক বাজারে এর গড় দাম ছিল টনপ্রতি ১ হাজার ৭২১ দশমিক ৩৩ ডলার। জুন-আগস্টে তা নেমে এসেছে ১ হাজার ৬৭৮ দশমিক ৬৭ ডলারে। অর্থাৎ গড় দাম কমেছে প্রায় ৪২ দশমিক ৬৭ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ।

তবে আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে খাতুনগঞ্জে বাড়ছে ভোজ্যতেলের দাম।

বর্তমানে সেখানে প্রতি মণ বা ৩৭ দশমিক ৩২ কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার ৫০০ টাকায়। পাম তেলের দাম ৬ হাজার ৬০০ টাকা এবং সুপার পাম তেল বিক্রি হচ্ছে প্রায় ৬ হাজার ৮০০ টাকা মণ দরে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেড় মাস আগেও খাতুনগঞ্জে সয়াবিন তেলের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ টাকা মণ। অর্থাৎ এ সময়ে দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা বা ৪ দশমিক ২ শতাংশ। একই সময়ে পাম তেলের দামও মণপ্রতি প্রায় ৩০০ টাকা বেড়েছে।

খাতুনগঞ্জের সয়াবিন তেল ব্যবসায়ী শাহজালাল বলেন, বাজারে তেলের সরবরাহ তুলনামূলক কম। ডিলাররা সরবরাহ করলেও চাহিদার তুলনায় তা কম হওয়ায় দাম বেড়েছে।

পাইকারি বাজারের এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৮ থেকে ২১০ টাকা, পাম তেল ১৭৫ থেকে ১৮০ টাকা এবং সুপার পাম তেল ১৯০ থেকে ১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশে ভোজ্যতেলের মোট চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানিনির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারের দাম ছাড়াও ডলারের বিনিময় হার, জাহাজভাড়া, বন্দর ও পরিবহন ব্যয়, শুল্ক-কর, ব্যাংকিং ব্যয়, পরিশোধন ও প্যাকেজিং খরচসহ বিভিন্ন উপাদান স্থানীয় বাজারদরে প্রভাব ফেলে।

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও আগের উচ্চ দামে আমদানি করা তেল বাজারে থাকলে তার প্রভাব স্থানীয় পাইকারি বাজারে তাৎক্ষণিকভাবে পড়ে না। পাশাপাশি আমদানির পরিমাণ কমে গেলে বা সরবরাহে চাপ তৈরি হলে দাম বাড়তে পারে।

খাতুনগঞ্জের আমদানিকারক আলা উদ্দীন বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশের পাইকারি দামের তুলনা করতে হলে শুধু টনপ্রতি আন্তর্জাতিক মূল্য দেখলে হবে না। আমদানি থেকে খাতুনগঞ্জ পর্যন্ত পুরো ব্যয় কাঠামো বিবেচনায় নিতে হবে। সরবরাহ ও আমদানি ব্যয়ের পরিবর্তনও বর্তমান বাজারদরে প্রভাব ফেলছে।

এদিকে চট্টগ্রাম কাস্টমসের তথ্য বলছে, জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এইচএস কোডে মোট ৬৫ হাজার ৯৫৬ টন ভোজ্যতেল আমদানি হয়েছে। এর মধ্যে পাম তেল ৫০ হাজার ৮৯৬ টন, যা মোট আমদানির প্রায় ৭৭ দশমিক ১ শতাংশ। আর সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার ৬১ টন, যা মোট আমদানির প্রায় ২২ দশমিক ৯ শতাংশ।

অর্থাৎ ওই সময়ে সয়াবিন তেলের তুলনায় পাম তেল আমদানি হয়েছে প্রায় ৩ দশমিক ৪ গুণ বেশি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এইচএস কোডে প্রায় ৬৫ হাজার ৯৫৬ টন ভোজ্যতেল আমদানি হয়েছে। এর মধ্যে পাম তেল প্রায় ৭৭ শতাংশ এবং সয়াবিন তেল প্রায় ২৩ শতাংশ। কাস্টমস মূলত আমদানিসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে; বাজারদর সরবরাহ ও বাণিজ্যিক নানা উপাদানের ওপর নির্ভরশীল।

চলতি বছর সরকার দুই দফায় সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে। গত ২৯ এপ্রিল এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম করা হয় ১৭৬ থেকে ১৮০ টাকা।

এরপর ২ সেপ্টেম্বর এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য আরও ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের পক্ষ থেকেও বাজার নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সামনে রমজান। এখন থেকেই দাম বৃদ্ধির অজুহাত তৈরি করা হচ্ছে কি না, সেটি নজরদারিতে রাখা দরকার। আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল ভোক্তারা কতটা পাচ্ছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধির কারণও নজরদারির আওতায় আনা উচিত।

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরও দেশের পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার পেছনে সরবরাহ, আমদানি ব্যয় ও মজুত—কোন বিষয়টি কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে এখন নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্...
পরবর্তী সংবাদডাকাতি মামলায় মেলেনি সত্যতা, এরপর এ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ